হার্ট সুস্থ রাখবে যা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হার্ট সুস্থ রাখতে কী করবেন জানালেন ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার

আমরা সবাই জানি, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। রোগ সারানোর চেষ্টায় যতটুকু আর্থিক জোগান দিতে হয়, তার তুলনায় একটু সাবধানতা, একটু নিয়ম মেনে চলার জন্য আর্থিক জোগান কিছুই নয়। আমরা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে উদাসীন থাকি। অথচ হার্ট ভালো রাখতে ইচ্ছা শক্তিই জরুরি।

যা করবেন

ঘুম থেকে উঠে দম চর্চা করুন সকালে ও বিকেলে। একেকবার কমপক্ষে ২০ বার করে করুন। নাক দিয়ে লম্বা দম নিয়ে মুখ দিয়ে লম্বা করে ছেড়ে দিন। খালি পেটে পানি পান হার্টকে সুস্থ রাখে। খালি পেটে অন্তত ২ গ্লাস পানি পানের অভ্যাস করুন। সারা দিনে ৮-১০ গ্লাস পানি পানের চেষ্টা করুন। দেহের প্রতিটি অঙ্গ সুস্থ রাখতে দেহ সচল রাখা প্রয়োজন। সেজন্য অন্তত ২০ মিনিট ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করুন। সকালের এই ২০ মিনিটের এক্সারসাইজ আপনাকে প্রায় ১৬ ঘণ্টা কর্মক্ষম রাখতে সাহায্য করবে। সকালের খাবারের মনোযোগী হন। অধিক আঁশযুক্ত ও প্রোটিনযুক্ত খাবার প্রতিদিনের সকালে অন্তর্ভুক্ত করুন। এরই সঙ্গে না খেয়ে বাড়ির বাইরে যেন না যেতে হয় সে বিষয়ে নজর দিন। প্রতিদিনের খাবারে ভিন্নতা রাখা প্রয়োজন। অন্যান্য খাবারের পাশাপাশি বিভিন্ন রঙিন শাকসবজি, ফল অন্তর্ভুক্ত করুন। প্রোটিন গ্রহণে উদ্ভিজ্জ এবং প্রাণিজ মিলিয়ে গ্রহণ করুন। বয়সভেদে পরিবেশন ভিন্ন হতে পারে, কিন্তু আইটেমগুলো রাখার চেষ্টা করুন। সপ্তাহে অন্তত দুবার সামুদ্রিক মাছ খান। স্ন্যাক্স হিসেবে বিভিন্ন জাতের বাদাম ও ফল প্রাধান্য দিন। অতিরিক্ত ভাজাপোড়া, প্রসেসড খাবার, রেডিফুড সীমিত রাখুন। পাশাপাশি লিকুইড ক্যালরি অর্থাৎ কোমলপানীয় প্রতিদিনের খাবার থেকে বর্জন করুন। হার্টের সুস্থতায় মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিন। নিজে মানসিক আনন্দ পান এমন ধরনের কাজগুলো প্রতিদিনের জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করুন। পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। ছোট-বড় সবার সঙ্গেই আনন্দে থাকার চেষ্টা করুন। কিছু ছোট রোগ হার্টকে দুর্বল করে দেয়। যেমন : ফ্লু, নিউমোনিয়া অথবা বিভিন্ন ইনফেকশন। তা-ই প্রতিদিন বারবার হাত ধোয়া, কুলি করা, নাক পরিষ্কার রাখুন। রাতের ঘুম সুস্থতার জন্য জরুরি। অতিরিক্ত রাত না জেগে ভালো ঘুম দেওয়ার চেষ্টা করুন।

অনেক সময় অতিরিক্ত রাগ, টেনশন, মানসিক চাপ, শত্রু ভাবাপন্ন মনোভাব হার্টকে দুর্বল করে ফেলে। অতএব হার্ট সুস্থ রাখার চেষ্টা অসুস্থ হওয়ার আগেই করা প্রয়োজন। হার্ট সুস্থ রাখতে অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্যতালিকা তৈরি করে নিতে পারেন।