টেকনাফ টুডে ডেস্ক : ঢাকা থেকে চীনের গুয়াংজুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ফ্লাইটটি বেলা ১১টায় ঢাকা থেকে গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফ্লাইটে মোট কতজন যাত্রী টিকিট কেটেছেন তা এখনও নিশ্চিত করেনি বিমান।
প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই মালদ্বীপের মালে, চীনের ইউনান প্রদেশের কুনমিং ও ভারতের চেন্নাইয়ে বিমানের ফ্লাইট চালু হবে।
উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী ছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমানের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
