মুহাম্মদ জাহাঙ্গীর আলম / হেলাল উদ্দিন : টেকনাফের হ্নীলা বাসষ্টেশনে চলতি করোনা সংকট ও পবিত্র রমজানকে পুঁজি করে একটি অসাধু চক্র সরকারী নিয়মের তোয়াক্কা না করে ক্রেতাদের নিকট হতে মনগড়া দাম হাতিয়ে নিয়ে বাজারকে অস্থিতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনকে দূর্বিসহ করে তুলছে। এসব দমনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি দোকান হতে জরিমানা আদায় করেছে।
২মে দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে হ্নীলা শাহ মজিদিয়া ষ্টোর ২হাজার টাকা, ছৈয়দ সওদাগর ৫হাজার টাকা, জালাল সওদাগর ১০হাজার টাকা, জাকির সওদাগর ৫হাজার টাকা, দেলোয়ার সওদাগরকে ৫হাজার টাকা, মোহাম্মদ ষ্টোরকে ৫হাজার টাকাসহ সর্বমোট ৩২হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি আরো কয়েকটি দোকানকে সর্তক করে দেওয়া হয়।
এই বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার সিন্ডিকেটের অপতৎপরতা দমনে এই অভিযান অব্যাহত থাকবে। ###
