ফরিদুল আলম : হ্নীলায় ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হোছাইন আহমদ মেম্বারের ছোট ভাইয়ের উপর হামলা করা হয়েছে। হামলায় হোছাইন মেম্বারের ভাই মৌলভী আলী আহমদ আহত হয়েছেন। খবর পেয়ে মোরগ মার্কার কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে মৌলভী আলী আহমদকে উদ্ধার করেন। এঘটনায় পানখালী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং র্যাবের বিশেষ টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৮ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে মোরগ মার্কার প্রার্থী হোসাইন আহমদ মেম্বারের ছোট ভাই মৌলভী আলী আহমদ পূর্ব পানখালী এলাকার বিএ কামালের বাড়ীর পাশ দিয়ে হেটে যাওয়ার প্রাক্কালে তালা মার্কার কর্মী বশির আহমদ এবং মোস্তাক আহমদের নেতৃত্বে হামলা করা হয়।
এঘটনায় মোরগ মার্কার প্রার্থী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। পাশাপাশি তিনি সুষ্ঠু,নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনসহ আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শী নারী ভোটার আয়েশা বেগম জানান,হোছাইন মেম্বারের ভাই আলী আহমদ গণসংযোগের জন্য স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় তালা মার্কার সমর্থকেরা হামলা করেছেন।
হামলার শিকার মৌলভী আলী আহমদ জানান,আমি পূর্ব পানখালী এলাকাস্থ বিএ কামালের বাড়ীর পার্শ^বর্তী এলাকায় গেলে কিছু না বুঝার আগেই বশির এবং মোস্তাকের নেতৃত্বে আমার উপর হামলা করা হয়। তিনি মেম্বার প্রার্থী নুরুল আলম নুরুর ইন্দনে তার উপর হামলা করা হয়েছে বলে দাবী করেন।
মেম্বার প্রার্থী হোছাইন আহমদ মেম্বার জানান,আমার (মোরগ মার্কার) বিজয় নিশ্চিত জেনে ভাড়াটে সন্ত্রাসী এবং গুন্ডা দিয়ে মাদক ব্যবসায়ী তালা মার্কার প্রার্থী নুরুল আলম নুরুর সমর্থকেরা আমার ভাইয়ের উপর পরিকল্পিতভাবে হামলা করেছেন। তিনি আরো বলেন, হামলা,হুমকি-ধমকি দিয়ে মোরগ মার্কার বিজয় ঠেকানো যাবেনা। পানখালী এলাকা ৪নং ওয়ার্ডের ভোটার এবং শান্তিপ্রিয় মানুষ অবাধ সুষ্ঠুু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছেন। ###
