সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবাগত এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে।
১লা জানুয়ারী সকাল ১১টায় হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরোমে নতুন বই বিতরণ উপলক্ষ্যে একসভা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ও কবি এরশাদুর রহমান,মোঃ ছিদ্দিকুর আহমদ ফারুকী,শিক্ষিকা মর্জিয়া খানম,রুজিনা পারভীন,সেলিনা আক্তার,নিলুফার ইয়াছিনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি বলেন,এই স্কুলটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুল হতে দেশ ও জাতির সেবার জন্য যোগ্য ব্যক্তি তৈরী হয়েছে। আমি এই স্কুৃল পরিচালনা কমিটির সভাপতি হতে পেরে গর্বিত কিন্তু চেয়ারম্যান হওয়ার পর হতে নিয়মিত সময় দিতে পারছিনা। এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বই পৌঁছে দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই জন্য সরকারসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন হতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তোলা আমরা সকলের দায়িত্ব। অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে এই স্কুলের ঐতিহ্য ও সাফল্য ধরে রাখার আহবান জানান। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে স্কুলের সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। ##
