নিজস্ব প্রতিবেদক : হ্নীলায় ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয়ী এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ অস্ত্রধারী রুবেলের গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুত্র জানায়,১০জানুয়ারী (সোমবার) বিকাল পৌনে ৩টারদিকে টেকনাফের পশ্চিম লেদার আব্দুল গফুরের পুত্র, আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দানকারী ও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা মোহাম্মদ রুবেল (২২) ২৪নং লেদা ক্যাম্পের ব্লক-এ/১৪ এর ১৪১৬নং ঘরের বাসিন্দা কালা মিয়ার পুত্র নুর মোহাম্মদ (২৪) কে অর্তকিতভাবে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। গুলিটি রোহিঙ্গা নুর মোহাম্মদের হাঁটুতে বিদ্ধ হলে সে মাটিতে লুটে পড়ে। তখন তাকে দ্রুত উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
এই বিষয়ে ক্যাম্প চেয়ারম্যান মোস্তফা কামাল জানান,স্থানীয় একজনের গুলিতে নুর মোহাম্মদ আহত হওয়ার বিষয়টি অবগত হয়েছি। তাকে হাসপাতালে দেখতে যাওয়ার সাথে সাথে কক্সবাজারে রেফার করা হয়েছে। লোকমুখে বিভিন্ন ধরনের কথা শুনা গেলেও কি জন্য এই ঘটনার সুত্রপাত তা বিস্তারিত জানতে পারিনি।
২৪নং লেদা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, স্থানীয় এক দূবৃর্ত্তের গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। তাকে লেদা আইওএম হাসপাতাল হয়ে কক্সবাজার রেফার করা হয়েছে।
স্থানীয় সুত্রমতে, এলাকার এক ব্যক্তি ও তার বোনের জন্য এই রুবেল আইনের তোয়াক্কা না করেই অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণের মাধ্যমে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংক সৃষ্টি করেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়,দীর্ঘদিন ধরে এই রুবেল ডাকাত ও অপহরণ চক্রের সাথে সম্পৃক্ত ছিল। ইউপি নির্বাচনকালীন বিশেষ মহলের সাথে সখ্যতা গড়ে তুলে ক্যাম্প সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে ভদ্রতার মুখোশে নানা অপতৎপরতা চালিয়ে আসছে। তার অপকর্ম খতিয়ে দেখে এবং তার নিকট থাকায় অবৈধ অস্ত্র উদ্ধান করে তাকে আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে। ###
