হ্নীলায় গাছের আম ছিঁড়তে নিষেধ করায় ইয়াবা কারবারী মুহিবুল্লা বাহিনীর হামলায় হাফেজ রক্তাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক প্রবাসীর রক্ষণা-বেক্ষণ করতে দেওয়া আম বাগানের ফল ছিঁড়তে নিষেধ করায় চিহ্নিত ইয়াবা কারবারী মুহিবুল্লাহ গংয়ের হামলায় এক হাফেজ রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ২ এপ্রিল সকাল সাড়ে ৯টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায় হাফেজ ওসমানের পুত্র হাফেজ সফওয়ান মামুন কায়েস (২০) তার নানা সৌদি প্রবাসী কর্তৃক রক্ষণা-বেক্ষণ করতে দেওয়া আম বাগান দেখাশুনা করছিল। এসময় স্থানীয় আবুল মনসুরের পুত্র ইয়াবা কারবারী মুহিববুল্লাহ (২৫) আম ছিঁড়লে হাফেজ সফওয়ান বাঁধা প্রদান করেন। তখন দু,পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেই ইয়াবা কারবারী মুহিবুল্লাহ বাড়িতে গিয়েই অপরাপর ভাই নুরুল্লাহ (৩০), আতাউল্লাহ (২৭), কাউসার (৩২), হামিদ হোছাইন (৩৫) ও পিতা আবুল মনসুর (৬০) সহ এসে হাফেজ সফওয়ানকে এলোপাতাড়ি বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। হামলায় উক্ত হাফেজের বাম হাতের হাঁড় ও বাম পাশের চোখ ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে সে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিনই উপরোক্তদের ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মাদক বিরোধী অভিযান চলাকালে এই মাদক সম্রাট মুহিবুল্লাহ পলাতক থাকলেও করোনাভাইরাস ঝুঁকিতে মাদক বিরোধী অভিযান শিথিল হওয়ায় এলাকায় ফিরে এসে একজন কুরআনে হাফেজের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। যা এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ইয়াবা কারবারীরা কালো টাকার গরমে বেপরোয়া হয়ে বিভিন্ন সময়ে এলাকায় আইন-শৃংখলা পরিপন্থী কাজ করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে আসছে। অবিলম্বে এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবী উঠেছে। ##