বিশেষ প্রতিবেদক : হ্নীলায় লেদা ইবনে আব্বাস মাদ্রাসার এক ছাত্র পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।
জানা যায়, ২৮মে সকালে উপজেলার হ্নীলায় লেদা ইবনে আব্বাস মাদ্রাসার এবতেদায়ীর ছাত্র এবং উত্তর লেদার বাসিন্দা রহমত উল্লাহ এবং ছমিরা আক্তার দম্পতির একমাত্র ছেলে সাকিবুর রহমান রানা পার্শ্ববর্তী দোকান হতে চনামুড়ি খেয়ে মাদ্রাসা সংলগ্ন পুকুরে হাত ধুতে যায়। এসময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে মারা যায়। অনেকক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পুকুরে গেলে তার মৃতদেহ ভাসমান পাওয়া যায়। এই ঘটনার খবর পেয়ে গ্রাম পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। মা-বাবার কোন ধরনের অভিযোগ না থাকায় প্রশাসনকে অবহিত করার পর অনুমতি স্বাপেক্ষে বাদে আছর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। নিহত শিশুর মা ছমিরা এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, সকালে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্র মারা যাওয়ার বিষয়টি শুনেছি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে তাকে দাফন করা হয়েছে। ###
