বিশেষ প্রতিবেদক : হ্নীলা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী কোচিং ক্লাস করতে গিয়েই অপহরণের শিকার হয়ে গত ২ সপ্তাহ ধরে নিরুদ্দেশ রয়েছে বলে পরিবার দাবী করছে। অপহরণের শিকার এই পরীক্ষার্থী দ্রুত উদ্ধার না হলে তার শিক্ষা জীবনের ভবিষ্যত অংকুরে বিনষ্ট হতে পারে বলে পরিবার আশংকা প্রকাশ করেছে। তাই অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে দ্রুত উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করত প্রযুক্তি সমৃদ্ধ আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
অপহৃত এসএসসি পরীক্ষার্থীর পরিবারের দাবী,চলতি মাসের গত ৩রা এপ্রিল সকালে প্রতিদিনের ন্যায় হ্নীলা দরগাহ পাড়ার আবুল কালাম আলম এবং হাসিনা আখতার দম্পতির ২য় মেয়ে মিতালী ফারজানা মিসু হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ক শাখার ছাত্রী এবং ঈদের পর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থী কোচিং করতে যাওয়ার সময় স্থানীয় পুরান রোহিঙ্গা বশির আহমদের বখাটে পুত্র খাইরুল আমিনের নেতৃত্বে একটি গ্রুপ জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই মেধাবী ছাত্রীর পরিবার তার এসএসসি পরীক্ষায় অংশ-গ্রহণ নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি ও আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারের তৎপরতা শুরু করে। অপহরণকারী চক্রটি বিষয়টি উপলদ্ধি করে অজ্ঞাত স্থান হতে মেয়েকে দিয়ে জোরপূর্বক `স্বইচ্ছায় চলে যাওয়ার’ স্বীকারোক্তি আদায় করে অনলাইন সংবাদ মাধ্যমে প্রচার করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে।
অপহৃত এসএসসি পরীক্ষার্থীর পিতা মেয়েকে উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ এবং এই চক্রের সদস্যদের সনাক্ত করতে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এলাকার সুশীল সমাজ মনে করেন, বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ-গ্রহণের সুযোগ দিতে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক হস্তক্ষেপ প্রয়োজন।
অপহৃত স্কুল ছাত্রীর পিতা আবুল কালাম আলম ও মা হাসিনা আখতার জানান,আমরা মেয়েদের কিছুই দিয়ে যেতে পারব না। অন্তত একটা শিক্ষার সার্টিফিকেট অর্জন করে দিতে পারলে তাদের ভবিষ্যত তারাই তৈরী করে নেওয়ার আশায় এই মেয়েদের শিক্ষিত করার চেষ্টা চালিয়ে আসছি। আমার এসএসসি পরীক্ষার্থীকে পরিকল্পিতভাবে অপহরণ করে তার ভবিষ্যত নষ্ট করার হীন চেষ্টা বলে মনে করি। ঈদের পরে তাদের পরীক্ষা শুরু হবে। আমার মেয়েকে উদ্ধারের জন্য তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলার আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। ###
