হ্নীলায় অপহৃত ৪জন কৃষক ২দফা মুক্তিপণে বাড়ি ফিরেছে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম / জামাল উদ্দিন : টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকায় ক্ষেতের ফসল পাহারা দেওয়ার সময় স্বশস্ত্র দূবৃর্ত্ত দলের হাতে অপহৃত ৪জন কৃষক ২দফায় মোটাংকের বিনিময়ে প্রাণে রক্ষা পেয়ে বাড়ি ফিরেছে। সাধারণ শ্রমজীবি মানুষেরা আগামীতে এই জাতীয় ঘটনা দমনে সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, ১১ জানুয়ারী বিকালে অপহরণকারী চক্রের দাবীকৃত মুক্তিপণের টাকা বুঝিয়ে দেওয়ার পর হ্নীলা রঙ্গিখালী পাহাড়ের পাদদেশ থেকে লেচুয়াপ্রাং এলাকার মৃত আবুল হোছনের পুত্র আব্দুস সালাম (৪৮) কে উদ্ধার করে বাড়িতে আনা হয়। গত ১০জানুয়ারী বিকালের দিকে লেদা পাহাড়ি এলাকায় গিয়ে মুক্তিপণের জন্য দাবীকৃত ৬লাখ টাকার মধ্যে ধার-কর্জ্জ করে ৫লাখ ৫০হাজার টাকা দিয়ে সন্ধ্যায় রঙ্গিখালী পাহাড়ি এলাকা হতে হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোছন ওরফে গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান (৩৭), ফজল করিম ওরফে লাল মিয়ার পুত্র আব্দুল হাকিম (৪২) এবং রাজা মিয়ার পুত্র মুহিব উল্লাহ (১৫) কে মুক্তি দিলে তারা বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু আব্দুস সালামের মুক্তির জন্য অপহরণকারীরা ১০লক্ষ টাকা দাবী করে। সেই টাকা দিতে পরিবার অপারগ হওয়ায় আটকে রাখে। অবশেষে নিরুপায় হয়ে কৃষক আব্দুস সালামের প্রাণ রক্ষার্থে তাদের দাবীকৃত টাকা দিয়ে ফিরিয়ে আনা হয় এই কৃষককে।

গত ২/৩ মাসের ব্যবধানে উপজেলার হোয়াইক্যং,হ্নীলা,টেকনাফ সদর ও বাহারছড়া এলাকার দূর্গম পাহাড়ের পাদদেশে বসবাসকারী কৃষক ও লোকজনকে স্বশস্ত্র দূবৃর্ত্ত চক্র অপহরণ করে অমানবিক নির্যাতনের পাশাপাশি মুক্তিপণ আদায় করে পুরো টেকনাফবাসীকে চরম আতংকের মধ্যে ফেলে দিয়েছে। তাই এসব চক্র এবং তাদের সহযোগীদের সনাক্ত করে সাঁড়াশি অভিযানের মাধ্যমে কৃষিপ্রবণ এলাকাকে নিরাপদ জোনে পরিণত করার দাবী উঠেছে।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী অপহৃত ৪জন কৃষক ২দফায় ফিরে আসার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো টেকনাফের পাহাড়ি জনপদে আগামীতে এই জাতীয় লোমহর্ষক ও নির্মম ঘটনারোধে সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, গত ৮জানুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের হ্নীলা ঊলুচামরী মুরুং পাড়া বাহাতির ছড়ার টিলায় চাষাবাদকৃত ফসল পাহারা দেওয়ার জন্য তৈরীকৃত ঝুপড়ি ঘর হতে বাসার মালিক স্থানীয় মৃত আবুল হোছনের পুত্র আব্দুস সালাম (৪৮), প্রতিবেশী বাসার ছৈয়দ হোছন ওরফে গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান (৩৭), ফজল করিম ওরফে লাল মিয়ার পুত্র আব্দুল হাকিম (৪২) এবং রাজা মিয়ার পুত্র মুহিব উল্লাহ (১৫) কে অপহরণ করে নিয়ে যায় স্বশস্ত্র দূবৃর্ত্ত দল।

পাহাড় কেন্দ্রিক ফসল উৎপাদনে নিয়োজিত বিভিন্ন শ্রেণীর কৃষকেরা খাদ্যপণ্য উৎপাদনে নিয়োজিত মানুষের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। ##