হুমায়ূন রশিদ : হ্নীলায় বিশ্ব শিশু দিবস-২০২৩ইং উপলক্ষ্যে এনজিও সংস্থা অগ্রযাত্রার উদ্যোগে স্থানীয় ও রোহিঙ্গা শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণের মাধ্যমে পালিত হয়েছে।
২০শে নভেম্বর ২০২৩ইং সকাল ৯টা হতে বিশ্ব শিশু দিবস-২০২৩ইং উপলক্ষ্যে হ্নীলা জাদিমোড়া অগ্রযাত্রা’র পিআরএম-৪ প্রকল্পের আওতায় ক্যাম্প-২৭ এর বৃটিশ পাড়া মাঠ সংলগ্ন স্থানে ক্যাম্প ২৬,২৭ এবং স্থানীয় বাংলাদেশী শিশুদের মাঝে বিস্কুট দৌড় প্রতিযোগিতা, হ্যান্ড বল, থ্রোয়িং, মিউজিক্যাল চেয়ার ও দড়ির লাফ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রায় দু শতাধিক শিশু এবং কিশোর ও কিশোরী অংশগ্রহণ করে। একটি নিরপেক্ষ যাচাই বাচাই কমিটির মাধ্যমে প্রতিটি খেলা থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। শিশুদের মেধা যাচাই উপলক্ষ্যে স্থানীয় ও ক্যাম্প ২৬ ও ২৭ নং ক্যাম্পের প্রায় শতাধিক শিশুদের নিয়ে আল কোরআন তেলাওয়াত ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অংশ গ্রহণকারীরে মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বাছাই করা হয়।

দুপুর ১২টায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অগ্রযাত্রার প্রকল্প ব্যবস্থাপক আবু ওসমানের সভাপতিত্বে এবং আউট রীচ সুপার ভাইজার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-২৬ ও ২৭ ক্যাম্প ইনচার্জ (যুগ্মসচিব) মোঃ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি ক্যাম্প ইনচার্জ (সিনিয়র সহকারি সচিব) মোঃ মোস্তাক আহমেদ, অত্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি নিলীমা আক্তার চৌধুরী, টিডিএইচ এর প্রকল্প ব্যবস্থাপক অর্জন কুমার ধর।

প্রধান অতিথি বক্তৃতায় ক্যাম্প ইনচার্জ মোঃ আব্দুল হান্নান বলেন, বিশ্ব জুড়ে শিশুদের অধিকার সুনিশ্চিত করতেই দিবসটি পালন করা ও যাতে করে শিশুরা আন্তর্জাতিক পরিসরে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমানভাবে তাদের অধিকার চর্চা করতে পারে এবং সুস্থ্যভাবে বেড়ে উঠা হলো একজন শিশুর মৌলিক মানবাধিকারের অর্ন্তভূক্ত। এজন্য শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যর দিকে নজর রাখা সবার জন্যই জরুরী। বিশেষ অতিথির বক্তৃতায় অগ্রযাত্রার সভাপতি নিলীমা আক্তার চৌধুরী বলেন,পৃথিবীর প্রত্যেক শিশু যেন নুন্যতম স্বাচ্ছন্দে জীবন-যাপন করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব সবার। সেই লক্ষ্যে অগ্রযাত্রা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্যগণ, শিশুদের প্রতিনিধি, অন্যান্য এনজিও প্রতিনিধি ও স্থানীয় মাদরাসার শিক্ষক, মাঝি ও ইমামগণ। শেষে ক্রীড়া ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ###
