হুমায়ূন রশিদ / জিয়াউল হক জিয়া : রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্থ হোয়াইক্যং ইউনিয়নের জনসাধারণের মধ্যে অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং ইপসার বাস্তবায়নে বসত-বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
২ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সবজি চাষের উপকরণ বিতরণ উপলক্ষ্যে একসভা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাস্তবায়িত এনজিও সংস্থা হোয়াইক্যং ইপসার প্রজেক্ট ম্যানেজার মোঃ রুহুল্লাহ খান কামালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন রোহিঙ্গা সেবায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আরিফ, হোয়াইক্যং এগ্রিকালচারাল অফিসার আবু বক্কর সিদ্দিক, ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার। এছাড়া ইপসা,ইএফএসভিএল প্রজেক্টে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অত্র এলাকার নির্বাচিত এক হাজার পরিবারের মধ্যে ৫শ জনকে ইপসা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২দিনের বিশেষ প্রশিক্ষণ দিয়ে বসত-ভিটায় সবজি চাষের জন্য নাইলন নেট মাচার জন্য ৫শ গ্রাম, বেড়ার জন্য ৫শ গ্রাম, কোদাল ১টি, পানি দেওয়ার ঝরণা ১টি, স্প্রে মেশিন ১টি, মিষ্টি কুমড়ার বীজ ৩ গ্রাম, লাউ ৩ গ্রাম, ঢেঁড়শ ২৫ গ্রাম, লাল শাক ৫০ গ্রাম ও ডাটা শাক ২০ গ্রাম করে বিতরণ করা হয়। 
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ রবিউল হাসান বলেন, অত্র ইউনিয়নের রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে ক্ষতিগ্রস্থ ১,৩ ও ৫নং ওয়ার্ডের পাঁচশ পরিবারের মধ্যে বিতরণকৃত সবজি চাষের উপকরণাদি যথাযথ ব্যবহার করে সাবলম্বী হওয়ার আহবান জানান।
