হোয়াইক্যংয়ে পাহাড় কর্তনকালে মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের পাহাড়ী জনপদ হোয়াইক্যংয়ে ইয়াবা কারবারীদের বসুন্ধরা খ্যাত আস্তানায় মনোরম দালান ঘর-মার্কেট নির্মাণের জন্য পাহাড়ের মাটি কর্তনের সময় চাপা পড়ে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা যায়, ৫ নভেম্বর সকাল ৭টায় উপজেলার হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার জলিয়ার বাপের পাহাড় কাটার সময় পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুল আজিজের পুত্র ইসলাম মিয়া (৫৫) পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হ্নীলা উপস্বাস্থ্য কমপ্লেক্স হয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির স্ত্রী, ৭জন ছেলে-মেয়ে এবং বহু আত্নীয়-স্বজন রয়েছেন।
নিহতের ফুফাত ভাই ফরিদুল আলম জুয়েল জানান,পাহাড় কাটা শুরুর পূর্বেই ইসলাম মিয়া হার্টস্ট্রোক ও বমি করে অজ্ঞান হয়ে পড়ে পরে হাসপাতালে মারা যায়।
স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোসাইন বলেন, ইসলাম মিয়া পাহাড় কাটতে গিয়েই মাটি চাপা পড়ে হাসপাতালে মারা যায় বলে জেনেছি। মৃতদেহ দাফনের জন্য বাড়িতে আনা হয়।
এদিকে স্থানীয় সুত্রের দাবী,উক্ত এলাকায় সংঘবদ্ধ ইয়াবা কারবারীদের রাজত্ব শুরু হওয়ায় এই ভূঁতুড়ে এলাকাকে রাজধানীর বসুন্ধরা সিটিতে রূপান্তর করেছে। প্রতিযোগিতা আলিশান বাড়ি ও দোকান-মার্কেট নির্মাণের প্রতিযোগিতায় নেমে ইয়াবা কারবারীদের নগদ টাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব থাকায় পাহাড় নিধনের পাশাপাশি মাটি চাপার ঘটনায় প্রাণহানি ঘটে আসছে।