সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর পর একই ধরণের ঘটনায় প্রাণহারালো বড়ভাই আরিফুল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
সড়ক দুর্ঘটনায় ছোট দুইভাইয়ের মৃত্যুর পর আবারও একই ধরণের ঘটনায় প্রাণ হারিয়েছে বড়ভাই আরিফুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রামের মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস চাপায় নিহত হন আরিফুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক। নিহত আরিফুল শরিফ ফার্মা নামের একটি ওষুধ কোম্পানি স্থানীয় বিক্রয় প্রতিনিধি। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। গতকাল শুক্রবার দুপুর একটার দিকে মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক বাবুল নামের অপরজন গুরুতর আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুরে দিকে মটরসাইকেল যোগে আরিফ ও বাবুল ডুলাহাজারা থেকে খুটাখালীর দিকে রওয়ানা হয়। এসময় খুটাখালী ইউপি সংলগ্ন নতুন মসজিদ পর্যন্ত পৌঁছলে কক্সবাজারগামী দেশ ট্রাভেলস (ঢাকা মেট্টো-ব ১৪-৮২৯৯) নামের যাত্রীবাহী এসি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে মোটরসাইকেল আরোহী আরিফুল হক বাসের নিচে চাপাপড়ে প্রাণ হারায়। গুরুতর আহত হয় চালক বাবুল।
দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মোটর সাইকেল চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। নিহত আরিফুল হকের ছোটভাই মোঃ আসিফ ও রিয়াজ উদ্দিন ইতিপূর্বে একই ধরণের সড়ক দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রুহুল আমিন বলেন, মহাসড়কের খুটাখালী এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এসময় পরিবারের কাছে হস্থান্তর করা হয় ও আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। #