আব্দুর রহমান : সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নির্মাণ সামগ্রী (ঢেউটিন) ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দ্বীপের ১৫ পরিবারের মধ্যে এই ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। সেন্টমার্টিনের প্রায় দুই’শ পরিবার এই সহায়তা পাবেন।
কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম দ্বীপে এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী বলেন, গত দুইদিন থেকে সরকারের ত্রাণসামগ্রী নিয়ে আমি সেন্টমার্টিনে অবস্থান করছি। বৃহস্পতিবার থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রথমদিনে ১৫ পরিবারকে এই সহায়তা তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকিদেরও এ সহায়তা প্রদান করা হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে আমার ইউনিয়নের প্রায় সব ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পদক্ষেপ হিসেবে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া আজ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারে ঢেউটিন ও নগদ ছয় হাজার করে টাকা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্ত উপজেলায় সাত হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সেন্টমার্টিনে ঢেউ টিন বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝেও এই সহায়তা পৌঁছানো হবে।
