সুনামগঞ্জে এনএসআই সদস্যের লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সুনামগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ইয়াকুব আলী (২৬) নামে এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) রাতে ওই পৌর শহরের বাঁধনপাড়া এলাকায় নিজ বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

ইয়াকুব আলীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামে। গত ২২ আগস্টে তিনি বিয়ে করেছেন ইয়াকুব। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, পরিবারের অন্যদের নিয়ে সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন ইয়াকুব আলী। ২০২০ সালের জুলাই মাসে তিনি জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থায় (এনএসআই) মাঠকর্মী হিসেবে যোগ দেন। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে সুনামগঞ্জে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শহরের বাসায়ই ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন।

ওসি আরও জানান, বাথরুমে ঢুকে অনেক সময় পরও বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তার গলায় গামছা পেছানো মরদেহ ঝুলতে দেখেন । খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।