টেকনাফ টুডে ডেস্ক :
সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার ঘোষণার পর বুধবার দুপুর থেকে যানচলাচল শুরু হয়েছে। মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে মতিঝিলে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
এর আগে সকাল ১১টায় যোগাযোগ মন্ত্রণালয়ের নিজ দফতরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন ধর্মঘটের সমাধানে একটি বৈঠক করেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
এরপর বেলা সাড়ে তিনটার দিকে মহাখালী, সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছাড়তে দেখা যায়।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী যুগান্তরকে বলেন, আমরা সারাদেশের সব টার্মিনালে গাড়ি চালু করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই মঙ্গলবার থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়।
