টেকনাফ টুডে ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ম্যারিনা হুয়িলারের সঙ্গে ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটছে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের। ব্রিটিশ এই দম্পতি এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাস আগে থেকে তারা আলাদা থাকছেন। বর্তমানে তারা বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
‘২৫ বছরের দাম্পত্য জীবনের শেষে, কয়েক মাস আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আলাদা হওয়ার জন্য এটাই সর্বোত্তম সময়। পরবর্তীতে আমরা আলাদা হওয়ার সিদ্ধন্তে একমত হয়েছি; যা বর্তমানে প্রক্রিয়াধীন।’
‘চার সন্তানের ভবিষ্যতের জন্য আগামী বছরগুলোতে আমাদের বন্ধুত্বপূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করবো না।’
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তার স্ত্রী প্রতারণার অভিযোগ এনে দীর্ঘদিন ধরে সঙ্গে থাকছেন না বলে ব্রিটিশ দৈনিক দ্য সান এক প্রতিবেদন প্রকাশের পর বিবৃতি দিয়েছেন বরিস দম্পতি।
২০০৪ সালে লেখিকা পেট্রোনেলা ওয়্যাটের সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেন বরিস। ওয়্যাটের গর্ভে বরিসের সন্তান আসার পর গর্ভপাতও করাতে হয় সেই সময়।
২০০৯ সালে হেলেন ম্যাকিনটায়ার নামে এক শিল্প-পরামর্শকের সঙ্গে জড়িয়ে পড়ে বরিসের নাম। তার সন্তানের বাবাও হন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে মতানৈক্যের জেরে গত জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বরিস জনসন।
