সাবরাং মুন্ডার ডেইল ঘাটের মনু মিয়ার ফিশিং ট্রলার থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
সাবরাং মুন্ডার ডেইল ঘাটের মনু মিয়ার ফিশিং ট্রলার থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের খুরের মুখ চেক পোস্টের বিজিবি সদস্যরা মঙ্গলবার বেলা ৩টার দিকে বিপুল পরিমান ইয়াবার এ চালান উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে বেশ কয়েকটি ফিশিং ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ভীড়ে। এসময় ঘাটে থাকা মুন্ডার ডেইল এলাকার কবির আহমদের পুত্র মনু মিয়ার ট্রলারে ইয়াবা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা তাতে তল্লাশী চালালে জালের নীচে লুকানো বিপুল পরিমান ইয়াবার সন্ধান পান। স্থানীয়রা জানান, উদ্ধার ইয়াবার পরিমান আনুমানিক (১২ কাট) ১ লাখ ২০ হাজার।
মুন্ডার ডেইল এলাকার জাফর আলমের পুত্র মোঃ হোসন মাঝির নেতৃত্বে পেটান আলীসহ ৪ মাঝি মাল্লা সাগর থেকে ইয়াবার চালানটি নিয়ে আসে বলে জানা গেছে।
এ ঘটনায় নৌকা মালিক ও মাঝি মাল্লারা পালিয়ে যায়।
এব্যাপারে খুরের মুখ বিজিবির মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে অভিযানের সত্যতা নিশ্চিত করে বিস্তারিত তথ্যের জন্য কিছুক্ষন পরে ফোন করতে বলেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা ফিশিং ট্রলারটি জব্দ করার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।