ভালোবেসে অবশেষে’ নাটকে বিয়ে করার শর্তে চাকরি!

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মধ্যবিত্ত পরিবারের বেকার যুবক শিশির। সে অনেক চেষ্টা করেও চাকরির ব্যবস্থা করতে পারছিল না। একপর্যায়ে কলেজের বন্ধু তিতাসের সঙ্গে শিশিরের দেখা হয়। তিতাস তাকে বিয়ের শর্তে চাকরির সন্ধান দেয়। মেয়েটির আগে বিয়ে হওয়ায় শিশির প্রথমে রাজি হয়নি। পরিবারের কথা চিন্তা করে শেষ পর্যন্ত তিতাসের প্রস্তাবে রাজি হয় শিশির।

সে নবনী নামের ওই মেয়ের বাবার সঙ্গে দেখা করে চাকরিতে যোগদান করে। কিন্তু সবকিছু শুনে বেঁকে বসে নবনী। চাকরির শর্তে বিয়ে করা ছেলেকে তার কাছে ব্যক্তিত্বহীন মনে হয়। সম্পর্কের এমন টানাপোড়নের মধ্যেই এগোতে থাকে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের গল্প।

ইমন চৌধুরীর রচনায় এটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। আর নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশাত প্রিয়ম। আরও আছেন আশিক চৌধুরী, কংকন দাশ, রকি খান, আমিনুর রহমান বাচ্চু, মূর্ছনা বিশ্বাস ঐশী, সাকিব শহীদ ইসলাম, মাকসুদুর রহমান, শাহাজান সোবহান, মমিন আহমেদ, আফরোজা শশীসহ অনেকে।

পন্নী জানান, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আগামী শনিবার রাত ৯টায় প্রচার হবে ‘ভালোবেসে অবশেষে’ নাটকটি।