সাবরাং আশকানিয়া লবণ মাঠ হতে ৩লাখ ৮০হাজার ই*য়া*বা উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে সাবরাং আশকানিয়া লবণের মাঠ হতে ৩লাখ ৮০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়, ১৬জুন ভোররাত ৪টায় মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এবং সাবরাং বিওপি হতে একটি বিশেষ টহল দল সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে আশকানিয়া নামক লবণের মাঠে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ৩জন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ৫শ মিটার বাংলাদেশের অভ্যন্তরে আশকানিয়া লবন মাঠের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ৩টি প্লাষ্টিকের বস্তা হতে ৩লাখ ৮০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। #####