সাদ্দাম হোসাইন : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ সাবরাং আলীর ডেইল এলাকার শওকত ওসমানকে আটক করেছে।
গত ২৮ সেপ্টেম্বর রাত ৭টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌর এলাকার মেসার্স জাহেদ অটোগ্যাস ফিলিং ষ্টেশনের সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে সাবরাং আলীর ডেইলের মোঃ তৈয়বের পুত্র শওকত ওসমান ওরফে শওকতকে ১টি শপিং ব্যাগসহ আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ৭হাজার ৩শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
