নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম |
টেকনাফের নে টং পাহাড়ের অগ্নিকান্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। সহকারী বন সংরক্ষক দেওয়ান মো. আব্দুল হাই সিকদারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে অপর দুই সদস্য হচ্ছেন সহকারী বন সংরক্ষক মো. সোহেল রানা ও টেকনাফ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিভাগীয় বন কর্মকর্তা কক্সবাজার দক্ষিণ আলি কবির কমিটি গঠনের কথা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের পর বৃহস্পতিবার রাতে এ কমিটি গঠন করা হয়েছে শনিবার থেকে কমিটি কাজ শুরু করবে। কিভাবে বনে আগুন লাগলো তা বের করার চেষ্টা করবে এ তারা।
এদিকে বিভাগীয় বন কর্মকর্তা শুক্রবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বন পরিদর্শন করেছেন।
এপ্রসঙ্গে তিনি জানান, যদি কাছাকাছি সময়ে বৃষ্টিপাত হয় তবে অগ্নিকান্ডের এ ক্ষতি দ্রুত কাটিয়ে উঠা যাবে।
এছাড়া টেকনাফ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন, অগ্নিকান্ডে ৭৫ একর সামাজিক বনায়ন ও ১৫ একর প্রাকৃতিক বন ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ক্ষতির আর্থিক পরিমান প্রায় কোটির কাছাকাছি।
এক্ষতি পুষিয়ে উঠতে নতুন করে বনায়নের জন্য নার্সারী তৈরীর প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ।
অপরদিকে ৯ মার্চ শুক্রবার দুপুরে টেকনাফ মডেল থানায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে একটি সাধারন ডাইরী করেছেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়–য়া জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে সংরক্ষিত পাহাড়ি বনের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে সাধারন ডাইরী করেছে বনবিভাগ। কারা আগুন দিয়েছে, সেই ব্যাপারে বন বিভাগের কর্মকর্তারা কিছু জানেন না বলে উল্লেখ করেছেন। তবে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফের নে টং পাহাড়ের সবুজ বনভূমির প্রায় ৪০টি স্পটে একযোগে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও বন পাহাড়া দলের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
