সাবরাংয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ ৬জন নারী-পুরুষ আটক ; বিদেশী মুদ্রা ও নগদ টাকা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা শ্বাসরুদ্ধকর এবং ঝটিকা অভিযান চালিয়ে ৯০হাজার ইয়াবা ও মোটর সাইকেলসহ ৬জন নারী-পুরুষকে আটক করেছে। ঘটনাস্থল হতে মাদক বিক্রয়ের টাকা ও বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরো ৩জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ১৭মার্চ (বুধবার) বিকাল সাড়ে ৩টারদিকে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল সাবরাং মৌলভী পাড়া মৃত আহমদ হোসনের বাড়িতে অভিযানে যায়। এসময় বাড়িটি ঘেরাও করে শহিদুল্লাহর স্ত্রী হামিদা খাতুন (৩০), উত্তর নাজির পাড়ার সাহাব মিয়ার পুত্র নবী হোসেন (৪০), কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/২ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র মোঃ আলম (৩৭),মৌলভী পাড়ার মৃত আহমদ হোছনের পুত্র ছানা উল্লাহ (২০), আব্দুল্লাহ (২৫),সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহমদের পুত্র কামাল হোসেন (৩০) কে আটক করে। পরে ধৃতদের সামনে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯০হাজার পিস ইয়াবা,মাদক বিক্রয়ের ৪লাখ টাকা, আমেরিকান ডলার ১৪৩১, সৌদি রিয়াল ৫৬সহ ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এসময় কৌশলে মৌলভীপাড়ার মৃত আহমদ হোসনের পুত্র শহিদুল্লাহ (৩০),সাবরাং লেজির পাড়ার মোজাফরের পুত্র হেলাল (৩০) এবং সাবরাং পানছড়ি পাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আলম (৩০) পালিয়ে যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, নগদ টাকা, ডলার, রিয়াল ও মোটর সাইকেলসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,সাবরাং সিকদার পাড়া এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি পারিবারিক মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের অনেক সদস্য বিভিন্ন সময়ে আইন-শৃংখলা বাহিনীর হাতে আটক হলেও তাদের অপকর্ম অব্যাহত থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ###