টেকনাফ টুডে ডেস্ক : ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার নামের পাশে সাবেক শব্দটি বসে গেছে। আগামী দিনে আর কোনো গ্র্যান্ড স্ল্যামে খেলতে দেখা যাবে না তাকে। তবে আসছে ফরাসি ওপেনে অন্য রূপে ফিরতে চলেছেন সানিয়া। ধারাভাষ্যকার হিসেবে তাকে পাবে ভক্তরা।
এ বছর মার্চে টেনিসকে বিদায় জানান সানিয়া। ৩৬ বছর বয়সী তারকা সনি স্পোর্টসে নেটওয়ার্কের সঙ্গে টেনিস এম্বাসেডর ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন।
মেয়েদের ডাবলসের সাবেক নাম্বার ওয়ান সানিয়া বলেছেন, ‘সমর্থকরা এ বার আমাকে অন্যভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এ বার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে নিয়ে যাবে তারা।’
মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন সানিয়া। তিনি আরও বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ড স্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।’
