সহকারি শিক্ষক ছুটিতে থাকায় ক্লাস নিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : সময়টা বেলা সাড়ে ১২টা। অফিস কক্ষে হাজির হন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি। তিনি প্রথমেই জানতে পারেন একজন সহকারি শিক্ষক ছুটিতে রয়েছেন। তখন তিনি আর কালক্ষেপন না করে সরসরি তাঁর (শিক্ষকের) ক্লাসে গিয়ে পাঠদান শুরু করেন।

সোমবার (২৯ জুলাই) এই দৃশ্য দেখা যায় কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি ওই বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।

স্কুলবান্ধব সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরীর ক্লাস পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা জানিয়েছেন- সভাপতি তাদের ইংরেজী ক্লাস নিয়েছেন। তিনি অনেক মজা করে পড়িয়েছেন এবং পড়া আদায়ও করেছেন।

এ প্রসঙ্গে পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- বিদ্যালয়কে উপজেলার অন্যতম মডেলে রূপান্তর করতেই তাঁর এমন প্রচেষ্টা।