কক্সবাজারে মর্গে লাশ: মৃতদেহের ‘ধর্ম’ নিয়ে সংশয় না মেটায় পড়ে আছে কিশোরীর লাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিবিসি বাংলা :
কক্সবাজার সদর হাসপাতালে এক কিশোরীর মৃতদেহের ‘ধর্ম’ নিয়ে সংশয় তৈরি হয়েছে

কক্সবাজার সদর হাসপাতালে গত এক সপ্তাহ ধরে একটি কিশোরী মেয়ের মরদেহ রাখা আছে পুলিশের দায়িত্বে। মেয়েটির বাবা-মা জাতিগত ভাবে চাকমা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মেয়েটির স্বামীর পরিবার দাবি করছে বিয়ের সময় মেয়েটি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিল। আর এখন দুই পক্ষই মেয়েটির লাশের মালিকানা দাবি করে আবেদন করেছে আদালতে।

সেই পটভূমিতে তদন্ত সাপেক্ষে মৃতের ‘ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত’ হয়ে সেই মোতাবেক র‍্যাবকে মরদেহ সৎকার করার নির্দেশ দিয়েছে কক্সবাজারের একটি আদালত।

গত ১০ই ডিসেম্বর লাকিং মে চাকমা নামের ঐ কিশোরীর মৃত্যু হওয়ার পর থেকে লাশের মালিকানা নিয়ে এই দ্বন্দ্ব শুরু হলেও মূল ঘটনার সূত্রপাত এবছরের জানুয়ারি থেকে।

অপহরণের অভিযোগ ও পিবিআইয়ের তদন্ত
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের লালা অং চাকমার মেয়ে লাকিং মে চাকমা স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

এবছর জানুয়ারি মাসের ৫ তারিখ সন্ধ্যায় তাকে কয়েকজন অপহরণ করে বলে সেসময় অভিযোগ তোলেন মেয়েটির বাবা লালা অং। ঐ সময় টেকনাফ মডেল থানায় মামলা করার চেষ্টা করলেও সেসময় পুলিশের কাছ থেকে আশানুরূপ সহায়তা না পেয়ে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলা করেন।

প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে তিনজন আসামীর নাম উল্লেখ করে এবং আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী রেখে লালা অং বাদী হয়ে মামলাটি করেন।

ট্রাইব্যুনালের বিচারক ঐ অপহরণের ঘটনার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই’এর কাছে হস্তান্তর করেন।

পিবিআই অগাস্ট মাসে এই বিষয়ে তদন্ত শেষে তাদের প্রতিবেদন প্রকাশ করে। তদন্তের ভিত্তিতে প্রতিবেদনে প্রকাশ করা হয় যে বিভিন্ন ঘটনার ভিত্তিতে সেসময় মেয়েটি ”নিজে থেকেই অজ্ঞাত স্থানে চলে যায়” এবং যাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে তাদের ”অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি”।

পিবিআইয়ের ঐ তদন্ত প্রতিবেদনের সাথেই অন্তত তিনজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংযুক্ত করা ছিল। যারা জবানবন্দী দিয়েছেন তারা বলেন, ৫ই জানুয়ারি লাকিং মে চাকমাকে তার ঘর থেকে কয়েকজন জোরপূর্বক ধরে নিয়ে সিএনজিতে করে পালিয়ে যাচ্ছে বলে তারা দেখতে পেয়েছেন।

Attachments area