শেষ ম্যাচে জয় নিয়ে ১০ পয়েন্ট চায় বাংলাদেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ার সব দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ জেতার খেতাব অর্জন করেছে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সিরিজের শেষ ম্যাচ কাল। প্রথম দুই ম্যাচ জিতে ছেড়ে দিতে রাজি না বাংলাদেশ। তৃতীয় ম্যাচেও লঙ্কানদের হারিয়ে হোয়াইটওয়াশ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। কেননা ওই ম্যাচে রয়েছে ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট, তাই পূর্ণ পয়েন্ট তুলতে চায় তামিম-সাকিবরা।

আজ বৃহস্পতিবার মিরপুর হোম অফ ক্রিকেটে দীর্ঘ সময় অনুশীলনের পর সাংবাদিকদের ‍মুখোমুখী হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘অবশ্যই টার্গেট তিন শূন্য।’

প্রথম দু’ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচ কী গুরুত্ব হারাতে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেন, ‘না না অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপ কোয়ালিফাইয়ের একটা বিষয় থাকে তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার তো কেন নয়?’

তিনি বলেন, ‘আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। ইনশাল্লাহ আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমাদের আরেকটু ভালো পারফর্ম করা উচিত। আমরা সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব ও ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেওয়ার চেষ্টা করব।’

এর আগে এক ভিডিও বার্তায় স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও জানিয়েছিলেন একই ভাবনা। তিনি বলেছিলেন, ‘দেখেন আমাদের রিল্যাক্সড হয়ে যাওয়ার কিছু নেই। এখানে কিন্তু পয়েন্টের খেলা। পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই ১০টা পয়েন্ট কিন্তু আমাদের জন্য খুব-খুব গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য এই পয়েন্টগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে।’