শিক্ষক শূণ্যতায় দুই দিন ধরে ক্লাস হচ্ছেনা সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয়ে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি :
শিক্ষক শূণ্যতায় গত দুই দিন ধরে ক্লাস হচ্ছেনা সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয়ে।
ঈদের ছুটির পর গত ০৯ মে থেকে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় খুললেও সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এমপিএ ভুক্ত ৮ জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন। ফলে গত দুইদিন ধরে স্কুলের দপ্তরী ও অফিস সহকারী স্কুল খুললেও কোন ক্লাস অনুষ্টিত হয়নি।
এব্যাপারে (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা বলছেন করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার যথেষ্ট ক্ষতি সাধিত হয়েছে। এখন খোলার দিন গুলোতে শিক্ষকদের অনুপস্থিতির কারনে ক্লাস না হওয়া খুবই দু:খজনক।

এব্যাপারে প্রধান শিক্ষক শাহজালাল সরকারের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, বৈরী আবহাওয়ার কারনে সেন্টমার্টিন যেতে পারছেন না তিনি। তিনি সহ অন্য শিক্ষকরা টেকনাফে রয়েছেন। ৪ জন প্যারা শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন বলে দাবী করেছেন তিনি।

০৯ মে থেকে ট্রলার চলাচল বন্ধ হলেও একদিন আগে অর্থাৎ ০৮ মে কেন সেন্টমার্টিন পৌছেননি জানতে চাইলে তিনি দাবী করেন তিনদিন ধরে সেন্টমার্টিনের সাথে যাতায়াত বন্ধ রয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে কয়েকজন শিক্ষক এখনো তাদের বাড়ীতে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর আহমদও দাবী করেন বৈরী আবহাওয়ার কারনে দ্বীপের বাহিরের শিক্ষকরা ফিরতে পারেননি।