শাহপরীর দ্বীপে এমপি বদির প্রচেষ্টায় জিও বাঁধ : ৫ শতাধিক বসতি রক্ষা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিবেদক ::
সাংসদ আব্দুর রহমান বদি’র আন্তরিক প্রচেষ্টায় বেড়িবাঁধ অরক্ষিত জনপদ শাহপরীর দ্বীপের প্রায় ৫ শতাধিক পরিবার বঙ্গোপসাগরের জোয়ারে বিলীন হওয়া থেকে রক্ষা পেয়েছে। সাগর কিনারার এসব পরিবার এখন অনেকটা ঝুঁকিমুক্ত বলে জানা গেছে।
জানা যায়, টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া, মাঝের পাড়া, ডাংগর পাড়া সাগরের অব্যাহত ভাঙ্গনে বেড়িবাঁধ অরক্ষিত হয়ে পড়ে। এসব এলাকার ঘরবাড়ি চলতি বর্ষা মৌসুমে বিলীন হওয়ার প্রচন্ড ঝুঁকিতে ছিল। কিন্তু স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদির প্রচেষ্টায় বেড়িবাঁধ অরক্ষিত এসব এলাকায় জিও ব্যাগ দিয়ে জরুরী ভিত্তিতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। যার ফলে পূর্ণিমার জোয়ারের আঘাতের পরও এসব এলাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুর রহমান জানান, মাননীয় সাংসদ আব্দুর রহমান বদি আমাদের এলাকার প্রতি সুনজর দিয়েছেন বলে তিনি জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মানের উদ্যোগ নিয়েছেন। তার এ উদ্যোগের কারণে আমাদের এলাকার প্রায় ৫ শতাধিক পরিবার বিলীন হওয়ার ঝুঁকিমুক্ত হয়েছে।
মাঝের পাড়া এলাকার বাসিন্দা হাজী জহির আহমদ জানান, জিও ব্যাগ দিয়ে খোলা বেড়িবাঁধে বাঁধ দেয়ার ব্যবস্থা না নিলে হয়তো এতদিনে আমাদের বাড়িঘর সাগরের জোয়ারে বিলীন হয়ে যেত। কিন্তু সাংসদ বদির নিজ প্রচেষ্টায় বেড়িবাঁধের অরক্ষিত অংশে জিও ব্যাগের বাঁধ দেয়ায় আমাদের এলাকা ভাঙ্গনের ঝুঁকি থেকে প্রায় মুক্ত। এমন উদ্যোগের জন্য আমরা এমপি বদির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
শাহপরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির উল্লাহ জানান, শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া অংশ থেকে ডাংগর পাড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের ভাঙ্গনের চরম ঝুঁকির মধ্যে ছিল। এসব এলাকা সাংসদ আব্দুর রহমান বদির একান্ত প্রচেষ্টায় জিও ব্যাগ দিয়ে আপদকালীন বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়ায় প্রায় ৫ শতাধিক পরিবার প্লাবনের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে। মাননীয় সাংসদের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, যেন বেড়িবাঁধের অরক্ষিত পশ্চিম অংশের পুরোটায় জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হয়। এতে এলাকাবাসী বর্ষা মৌসুমেও অনেকটা ঝুঁকিমুক্ত হবে।
এদিকে সাংসদ বদির এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। এলাকাবাসীর দাবি, সাংসদ বদি জনগণের আস্থার প্রতীক, তাই জনগণের দুর্যোগ-দুর্ভোগে তিনি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন।