রহমত উল্লাহ : সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী । এরপর তাদেরকে নির্মম নির্যাতনের পর বাংলাদেশ সীমান্তে ছেড়ে দেয় তারা।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বৃহস্পতিবার রাতের প্রথম প্রজরের পর নাফনদী হতে অপহৃত জেলেরা ছাড়া পেয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে নিজেদের বাড়িতে ফিরেছেন।
“টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন অভিযোগ করেছেন, মিয়ানমারের নৌবাহিনী ওই ২০ জেলেকে ছেড়ে দেওয়ার আগে শারীরিক নির্যাতন চালিয়েছে।”
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সীতাপাহাড় এলাকা থেকে বুধবার বেলা ১১টার দিকে ওই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান।
তিনি বলেন, শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া গ্রামের কবির মাঝির ছেলে আমির হোসেন, মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বশর ওরফে বাইল্যা, ডাঙ্গারপাড়ার মকবুল আহমেদের ছেলে অলি আহমদ ও আমির হোসেনের ছেলে আমিরুল ইসলামের মালিকানাধীন চারটি নৌকায় করে ২০ জেলে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় মাছ ধরতে যায়।
“মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। পরে জেলেদের ধরে নেওয়ার বিষয়টি নৌকার মালিকদের মোবাইলে ফোন করে জানানো হয়।”
