শামীম-সারিকার বিয়ে নিয়ে ‘ইয়ার্কি’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারিকাকে বিয়ে করে খুশি হয়েছিলেন শামীম। কিন্তু দিন যত যায়, বউয়ের শাসন আর অতিরিক্ত সতর্কতায় হাঁপিয়ে ওঠেন তিনি। এমন পরিস্থিতিতে পড়ে শামীম মনে করেন, ‘বিয়েশাদি মানে পুরাটাই ইয়ার্কি/ পাগলের কারখানা নয়তো আর কী!’ তার অনুভূতি এখন এমন, ‘পাগল হইতে আর বেশি দেরি নাই/ বিয়ের আগে ভাবছিলাম ভেরি নাইস।’

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার নতুন নাটক ‘ওসিডি’র গানের কথাগুলো এভাবেই হাস্যরসে সাজানো হয়েছে। সম্প্রতি এটি মুক্তি পেয়েছে অন্তর্জালে। যেখানে গানের সঙ্গে মজার আবহে নাচতে দেখা গেছে ‘ফ্যামিলি ক্রাইসি’খ্যাত জুটি শামীম হাসান সরকার ও সারিকা সাবাহকে।

‘ইয়ার্কি’ গানের কথা লিখেছেন জনি হক। আহমেদ সবুজের সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী ও নূর নবী। গানের ভিডিওতে শামীম-সারিকা ছাড়াও অংশ নিয়েছেন মনিরা মিঠু ও অহনা তাহসিন অপ্সরা। তাদের দেখা যাবে ননদ-শাশুড়ির ভূমিকায়।

‘ওসিডি’ তথা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার নাটকটির বিষয়বস্তু শুচিবাই রোগ। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তিনি নির্মাতা রাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করে থাকেন। সম্প্রতি ঢাকার উত্তরায় এর শুটিং সম্পন্ন হয়েছে।

সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পাবে ‘ওসিডি’ নাটকটি।