শক্তিশালী ভারত ২৬৯ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজকে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলেছে ভারত। দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ (৭২) রান করেন। মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে (৫৬) রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে মাথায় ওপেনার রোহিত শার্মাকে উইকেটরক্ষক শাই হোপের তালুবন্দীতে ১৮ রানে ফেরান উইন্ডিজ পেসার কেমার রোচ।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রানের জুটি গড়ে বিরাট কোহলি ও আরেক ওপেনার লোকেশ রাহুল সে চাপ সামলে নেন। দলীয় ৯৮ ও ব্যক্তিগত ৪৮ রান করে ইনিংসের ২১তম ওভারের দ্বিতীয় বলে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন লোকেশ। ১৪ রান করে বিজয় শঙ্কর ও ৭ রান করে ফেরেন কেদার যাদব। তবে দেখে-শুনে খেলে অধিনায়ক বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ৫৩তম হাফসেঞ্চুরি।

সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বাঁধতে চাইলেও অর্ধশতক হাঁকিয়ে বেশি দূর যেতে পারেননি কোহলি। ৮২ বলে ৮ চারে ৭২ রান করে জেসন হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। দলের ১৮০ রানের মাথায় কোহলি আউট হলে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ধোনি দলকে টেনে নিতে থাকেন। দুজনে মিলে গড়েন ৭০ রানের জুটি। ৩৮ বলে ৪৬ রান করে ফ্যাবিয়ান অ্যালনকে ক্যাচ দিয়ে পান্ডিয়া ফেরেন কটরেলের শিকার হয়ে।

উইন্ডিজ বোলারদের মধ্যে কেমার রোচ ৩টি, জেসন হোল্ডার ও শেল্ডন কট্রেল নেন ২টি করে উইকেট।

ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ, ওশানে থমাস।