রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মৃত্যু ১৫: ইউএনএইচসিআর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ঘটনার পরদিন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশের ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন ডেয়ার ক্লাউভ। এদিকে সরকারের ত্রাণ, পুনর্বাসন ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় তরফ থেকে বলা হয়েছে, গতকাল বিকাল ৫টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে । সোমবার বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে বলে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন জানান। মৃত ও আহতদের পাশাপাশি আরও চারশ জনকে মঙ্গলবার পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আগুনে প্রায় ১০ হাজার ঘর পুড়ে গেছে এবং আশ্রয় হারিয়েছেন প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা শরণার্থী। আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু ও ৫৬০ জন আহত হয়েছেন জানিয়ে ইউএনএইচসিআর বলছে, হতাহত ও আশ্রয়হীনদের সংখ্যা আরও বাড়তে পারে

ক্লাউভ বলেন, আশ্রয়হীনরা সাময়িকভাবে ক্যাম্পের অন্যান্য ঘরে আশ্রয় নিয়েছেন।
তাদের সহায়তায় বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।