রুদ্ধশ্বাস ম্যাচে আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার হার : সেমিফাইনালে ভারতের মুখোমুখী নিউজিল্যান্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভেস্তে গেল ডেভিড ওয়ার্নারের দুর্ধর্ষ সেঞ্চুরি। কাজে লাগেনি অ্যালেক্স ক্যারির লড়াকু ৮৫। বরং সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। শনিবার একদিকে যখন শ্রীলঙ্কাকে সহজে হারাল ভারত, অন্যদিকে তখন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। ফিঞ্চদের হারে লিগ তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনালে গেলেন কোহলিরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এটাই হয়তো প্রত্যাশা ছিল ভারতীয় সমর্থকদের।

নিয়মরক্ষার হলেও, নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন ডু প্লেসিরা। তাই তো বিশ্বকাপের রেকর্ড বলছে, দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল দক্ষিণ আফ্রিকা। শেষবার ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া।

এ দিন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফর্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুপ্লেসি। গোটা টুর্নামেন্টে এ দিনই সবথেকে ভালো খেললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ডিকক ৫২ করে আউট হলেও অধিনায়ক ডুপ্লেসি সেঞ্চুরি করেন। আরেক ব্যাটসম্যান ভ্যান ডার ডুসোর ৯৫ রানের দৌলতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৫ তোলে প্রোটিয়ারা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। রান পাননি ওসমান খোয়াজা, স্মিথ, ম্যাক্সওয়েলরা। কিন্তু একদিকে ধরে ছিলেন ওয়ার্নার। চলতি বিশ্বকাপে এ দিন ওয়ার্নার নিজের তিন নম্বর সেঞ্চুরি করেন। তাকে সঙ্গ দেন উইকেট কিপার ক্যারি। কিন্তু ওয়ার্নার ১২২ ও ক্যারি ৮৫ করে আউট হতেই দক্ষিণ আফ্রিকার দিকে খেলা ঝুলে যায়। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩১৫ রান অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানে ম্যাচ জেতে ডুপ্লেসিরা।

এই হারের ফলে লিগ তালিকায় দু’নম্বরে চলে আসে অস্ট্রেলিয়া। ভারত চলে যায় এক নম্বরে। ফলে মঙ্গলবার ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। অন্য সেমিফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।