টেকনাফ টুডে ডেস্ক |
বুদ্ধিমত্তা দিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে তেলবাহী ট্রেনকে রক্ষা করা দুই শিশু শিহাব (৬)ও লিটন (৭) এখন রাজশাহীর বীর।
শিশু শিহাব ও লিটনের সাহসী এ পদক্ষেপের বিষয়টি এখন আলোচিত হচ্ছে সর্বত্র।
লাল মাফলার দেখিয়ে ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষার ঘটনাটি পাড়ার মোড় থেকে সরকারি অফিস সর্বত্রই প্রশংসিত হচ্ছে।
এছাড়া এ দুই শিশুকে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।
ইতোমধ্যে ওই আসনের (রাজশাহী-৬) এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শিশু লিটন ও শিহাবের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা ওই দুই শিশুকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ দিয়ে পুরষ্কৃত করেছেন।
এদিকে কোটি টাকার জ্বালানি নিয়ে রাজশাহীগামী ট্রেনটি দুই শিশুর বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষও দুই শিশুকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে।
বাঘার আড়ানি রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, নিজ তহবিল থেকে এ পুরস্কার দেয়া হবে।
তিনি বলেন, ছোট্ট দুই শিশুর বুদ্ধিদীপ্ত তাৎক্ষণিক পদক্ষেপে জ্বালানি তেলবাহী ৩২ বগির ট্রেনের বিশাল বহরটি রক্ষা পেয়েছে। না হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো। এরপর ওই লাইন দিয়ে আন্তঃনগর ট্রেনের সিডিউল ছিলো। তাই তাদের দুজনকে পুরস্কৃত করা হবে।
আড়ানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তাদের উপস্থিত বুদ্ধিতে এলাকার মানুষ খুবই খুশি এবং আনন্দে উদ্বেলিত। সোমবার সকাল থেকে অসংখ্য মানুষ ওই দুই শিশু শিহাব ও লিটনকে তাদের বাড়িতে দেখতে যান। তাদের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। লেখাপড়ার খোঁজখবর নেন। তাদের সাথে ছবি তোলেন।
এদিকে বুধবার শিশু শিহাব ও লিটনকে পাকশিতে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেল সদর দপ্তরে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রাজশাহীর বাঘার আড়ানি ইউনিয়নের ঝিনা গ্রামের বাসিন্দা সুমন আলীর ছেলে শিহাব এবং শহিদুল ইসলামের ছেলে লিটন। সিহাব প্রথম ও লিটন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঝিনা গ্রামে তারা রেলের মাটিতেই বাড়ি করে বসবাস করেন।
শিহাবের বাবা সুমন আলী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিহাব ও লিটনের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আমরা গরিব মানুষ। প্রতিমন্ত্রীর ঘোষণায় আমরা আনন্দিত। তাছাড়া আমার শিশু পুত্রের এ ধরনের সাহসিকতায় আমি গর্বিত।
