মেরিন ড্রাইভের ভাঙ্গন অব্যাহত : জিও ব্যাগ স্থাপনের মাঝেও বৃদ্ধি পাচ্ছে ভাঙ্গন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

মেহেদী হাসান ইমন, টেকনাফ :
বঙ্গোপসাগরের উত্থাল ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভে দেখা দেয়া ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। টেকনাফের সাবরাং এলাকায় অন্তত ছোট-বড় ১০-১২টি স্থানে এ ভাঙ্গন দেখা দিয়েছে। কয়েকটি স্থানে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। জরুরী মেরামত কাজ চললেও কয়েকটি স্থানে সম্পূর্ণ বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে
পুর্নিমার জোয়ারের প্রভাবে সাগরের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে মেরিন ড্রাইভের ভাঙ্গন দেখা দিয়েছে।
গত ৪ দিন ধরে অব্যাহত ভাঙ্গনে মেরিন ড্রাইভের টেকনাফের মুন্ডার ডেইল অংশে প্রায় ৬০ মিটার সড়ক সাগরের ঢেউয়ের তোড়ে ভেঙ্গে গেছে। এ ছাড়া টেকনাফের বাহারছড়া, হাদুরছড়া, দক্ষিণ মুন্ডার ডেইল এলাকায় সড়কের আরও ১০-১২ স্থানে ভাঙন ধরেছে। শুক্রবার এ ভাঙ্গন আরো বৃদ্ধি পেয়েছে।
সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সড়কের রক্ষাকবজ জিও ব্যাগ দুর্বল হয়ে গেছে।
স্হানীয়রা জানিয়েছেন কিছু প্রভাবশালী মহল সড়কের পাশ থেকে সাগরের বালু নিয়ে জমি ভরাট করেছেন। এ কারণে পানি বাড়লে সড়কে ভাঙ্গন দেখা যায়।
তাদের মতে এ ভাঙ্গন আরো দুইদিন থাকবে। এরপর সাগরে ঢালা পড়ে গেলে পানির উচ্চতা কমে যেতে পারে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন এখন বৈরী আবহাওয়ার কারণে সাগরের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি। সাগরের ঢেউয়ে মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি স্থানে  ভাঙ্গন  ধরেছে।  ভাঙ্গন  রোধে কাজ শুরু করেছে সেনাবাহিনী। মেরিন ড্রাইভ রোডের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।