নুরুল করিম রাসেল/গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলের আচরণ পরিবর্তন প্রয়োজন এবং বাজেট বৃদ্ধি আবশ্যক বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকাল ৩টায় বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়ন স্বচ্ছতা অর্জন কৌশল প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান মাও. নুর আহমদ আনোয়ারী।
এতে বক্তব্য রাখেন কোস্টের সহকারী পরিচালক মকবুল আহমদ, উপজেলা শিক্ষা অফিসার মু. এমদাদ হোসেন চৌধুরী, সমবায় অফিসার নজরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা ত্রিপন চাকমা, শিক্ষক ও সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, কোস্ট ট্রাস্টের প্রোগ্রাম অফিসার মং এছেন রাখাইন প্রমুখ। এতে বিভিন্ন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের নিজেদের আচরণগত পরিবর্তন আনতে হবে। কার্বণ ডাই অক্সাইড উৎপন্ন হয় এমন যে কোন কাজ থেকে বিরত থাকতে হবে পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরো বেশী বাজেট বরাদ্দ করতে হবে। তবেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সফলতা আসবে।
