নাহার সুলতানা : মেছতার চিকিৎসায় পুরোপুরি ভালো হওয়ার সুযোগ কম। ঘরোয়া কিছু পরিচর্যার মাধ্যমে মেছতার দাগ ধীরে ধীরে কমিয়ে আনা যায়। লিখেছেন নাহার সুলতানা
সূর্যের আল্ট্রা ভায়োলেট-রশ্মি শরীরে মেলানিন বাড়িয়ে দেয়। তাই বেশিক্ষণ রোদে থাকলে শরীরের কিছু কিছু অংশের ত্বকে মেলানিন বেড়ে যায়, যার ফলে সেসব জায়গার রঙ গাঢ় হয়, যা দেখতে বাদামি ছোপ ছোপ দাগের মতো মনে হয়। যাদের গায়ের রঙ ফরসা, চুল একটু লালচে তাদের জেনেটিক্যালি মেছতা হওয়ার আশঙ্কা বেশি।
আপেল সিডার ভিনেগার : আপেল সিডার ভিনেগার ১ টেবিল চামচ ও ১ চা চামচ মধু মিশিয়ে মেছতায় লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। মেছতায় প্রতিদিন আর যদি পুরো মুখে লাগান তবে এক দিন পরপর ব্যবহার করুন। আপেল সিডার ভিনেগারে ম্যালিক অ্যাসিড, যা ডার্ক সেলকে এক্সফোলিয়েট করে ভেতর থেকে ফরসা করে।
আলোভেরা : আলোভেরা জেল মেছতায় লাগিয়ে ১৫ -২০ মিনিট মাসাজ করে ধুয়ে নিন। জেল ডার্ক সেলের ডিপিগমেন্টেশন করে মেছতার দাগ কমায়।
কলার খোসা : কলার খোসার ভেতরের দিক মেছতার জায়গায় ৩ থেকে ৪ মিনিট ঘষুন। এরপর ৫ মিনিট রেখে দিন যাতে কলার খোসার অংশগুলো ত্বক শুষে নেয়। প্রতিদিন একবার করে ব্যবহার করলে ত্বক ফরসা ও বয়সের ছাপ দূর করে। ত্বক ফরসাকারী উপাদান গ্লুকোনোল্যাক্টোন খোসায় পাওয়া যায়।
অলিভ অয়েল : প্রথমে তেল গরম করে আঙুলে অল্প তেল নিয়ে মুখে মাসাজ করুন। যতক্ষণ না ত্বক তেল শুষে নেয় ততক্ষণ মাসাজ করুন। এবার ঘণ্টাখানেক রেখে হালকা উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন।
লেবুর রস : লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পাতলা করে মেছতায় লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহার করতে পারেন। লেবুর রস ব্লিচিং হিসেবে কাজ করে ও ত্বকের নানা রকম দাগ দূর করে।
টমেটোর রস : টমেটো ম্যাশড করে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এই প্যাকটি প্রতিদিন ব্যবহার করতে পারেন। টমেটোতে ভিটামিন-সি থাকায় ত্বকের টাইরোসিনেজের অ্যাক্টিভিটি কমায় ও ত্বককে ফরসা করে।
পেঁয়াজের রস : পেঁয়াজের রস বের করে এর সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মেছতায় লাগিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। মেছতা বা ব্রণের দাগ দূর করে।
টক দই : টক দই ১ টেবিল চামচ ও মধু ১ চা চামচ মিশিয়ে মাস্ক বানিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এই মাস্ক প্রতিদিন ব্যবহার করতে পারেন। মেছতার দাগ দূর করে ত্বক ফরসা করা।
খেয়াল রাখুন
যতটা সম্ভব রোদ এড়িয়ে চলুন। সূর্যের আলো মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয় ও মেছতার দাগ গাঢ় করে।
রোদ-বৃষ্টি যাই হোক না কেন সানস্ক্রিন ব্যবহার করুন।
শুধু রোদ নয় গরম ও মেছতার জন্য ক্ষতিকর। যতটা সম্ভব ত্বক ঠান্ডা রাখার চেষ্টা করুন।
এক্সফোলিয়েশন ত্বকের ডেড ও পিগ্মেন্টেড সেল দূর করে, যা মেছতার দাগকে হালকা করে ধীরে ধীরে।
