শামসু উদ্দিন/সামী জাবেদ : মিয়ানমার থেকে উত্তাল সাগর নৌ রুট দিয়ে গরু বোঝাই ট্রলার টেকনাফে আসার পথে ৩৩ টি গরুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
৯ আগস্ট শুক্রবার এ ঘটনা ঘটেছে। শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিপক বিশ্বাস গরু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ আগস্ট মিয়ানমার হতে গরু বোঝাই একটি ট্রলার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বৈরি আবহাওয়ার কবলে পড়লে উত্তাল ঢেউয়ের ঝাঁকুনিতে ৩৩ টি গরুর মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আরো ৩ টি গরু গুরুতর আহত হয়। গরুগুলো টেকনাফের ব্যবসায়ী আবু ছিদ্দিক মেম্বারের বলে জানা যায়।
এব্যাপারে ব্যবসায়ী আবু ছিদ্দিক মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রলারে ২৪০ টি গরু ছিল। বৈরি আবহাওয়ায় ডেউয়ের কবলে পড়ে ৩৩ টি গরুর মৃত্য হয় এবং আরো ৩ গুরুতরভাবে আহত হয়। প্রতিটি গরুর মুল্য ১ লাখ ৪০ হাজার পাঁচশত টাকা।
এতে মোট টাকার অর্ধেক ক্ষতি তাকে বহন করতে হবে বলেও জানান তিনি।
এদিকে গত দুইদিনে মিয়ানমার থেকে ২৯৯৮টি পশু আমদানী হয়েছে। এরমধ্যে গরু ২৬২৮ টি মহিষ ৩৭০।
যার বিপরীতে ১৪,৯৯০০০ (চৌদ্দ লাক ৯৯ হাজার টাকা) টাকা রাজস্ব আদায় হয়েছে।
