মিয়ানমার থেকে পাচারকালে সোয়া কেজি আ*ই*স উদ্ধার, জাল-নৌকা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি |

মিয়ানমার থেকে পাচারকালে টেকনাফে নাফ নদীর জইল্লার দ্বীপ এলাকা থেকে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথড (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা হতে মাদকসহ নৌকাটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয় বিজিবি। এসময় দুই ব্যক্তি একটি কাঠের নৌকা যোগে মিয়ানমার হতে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই আরোহী নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী চালিয়ে জালের সাথে মোড়ানো ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথড (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ নৌকাটি জব্দ করা হয়।

জব্দকৃত নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে ও জব্দ মাদক বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হবে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।