এম.জিয়াবুল হক : চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকারের অংশ হিসেবে অবশেষে চকরিয়া উপজেলার উপকুলের ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে নতুন ‘মাতামুহুরী উপজেলা’ পরিষদ। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গত ১১ জুন সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের উপজেলা-১ শাখার উপসচিব নুমেরি জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টির আলোকে নতুন উপজেলা অনুমোদনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মাধ্যমে প্রস্তাব পাঠাতে নির্দেশ দিয়েছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমকে অনুরোধ সহকারে অনুলিপি প্রেরণ করেছেন।
উপসচিব নুমেরি জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাতামুহুরি নামক নতুন উপজেলা গঠনের অনুরোধ সংক্রান্ত কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের গত ২ মে-১৯ইং প্রদত্ত আধা সরকারি পত্রটি এবং মন্ত্রীপরিষদ বিভাগের ২০০৪ সালের ২৪ অক্টোবরে ১৮৫ (২৫০) নম্বর স্মারকের পত্রটি সহ কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের কাছ থেকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাতামুহুরি উপজেলা গঠনের চুড়ান্ত প্রস্তাব গেলেই তা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় প্রথমে সেটি পাশ হবে। এরপর মন্ত্রীপরিষদের সভায় পাশ হয়ে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হবে। জাতীয় সংসদে বিলটি পাশ হলেই সেটি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গেজেট আকারে প্রকাশিত হয়ে মাতামুহুরি একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে চুড়ান্ত রূপ লাভ করবে।
জানা গেছে, মাতামুহুরী নামের নতুন উপজেলার অধীনে রয়েছে চকরিয়া উপজেলার ৭ টি ইউনিয়ন। তারমধ্যে আছে উপকুলীয় জনপদের শাহারবিল, পুর্ববড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া, বদরখালী ও কোনাখালী ইউনিয়ন পরিষদ। কক্সবাজার জেলায় বর্তমানে ৮ টি উপজেলা থাকায় প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা গঠিত হলে সেটি হবে জেলার নবম উপজেলা।
স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের প্রজ্ঞাপনে সন্তোষ প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ জাফর আলম। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে আমি চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলের সাতটি ইউনিয়নের জনগনকে আশ্বাস দিয়েছিলাম, আপনাদের ভোটে বিজয়ী হলে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে এই অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী নামের একটি নতুন উপজেলা উপহার দেবো। তিনি বলেন, নির্বাচিত হবার পর আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদনটি পেশ করি। তিনি আমার কথা রেখেছেন। অবশেষে তিনি মাতামুহুরীবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি পুরণ করেছেন।
