‘মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করলে কর্মসংস্থানের ব্যবস্থা’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বেনাপোলের মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আগামী এক’শ দিনের মধ্যে যশোর জেলাকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করা হবে।

শুক্রবার বেনাপোল পোর্ট থানার আয়োজনে যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মনিরুজ্জামান এসব কথা বলেন।

মনিরুজ্জামান বলেন, মা আমাদের সমাজ সংসার ও দেশ জাতি সম্পর্কে ভাল দিক নিদের্শনা দেয়। মা মাটি দেশ জাতি যেমন আমাদের গর্ব তেমনি মাদক ও জঙ্গি আমাদের দেশ জাতি সমাজ ও পরিবেশকে কুলষিত করছে। পিছিয়ে যাচ্ছি আমরা। মাকে ভালবাসা আর দেশকে ভালবাসলে আসুন আমরা চিরতরে মাদক জঙ্গিমুক্ত দেশ সমাজ গড়ি। দেশকে এগিয়ে নিই।

শুক্রবার সকালে বন্দর নগরী বেনাপোলে মাদক ও জঙ্গির প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ শ্লোগান নিয়ে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সমাবেশে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সমাজকর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন পোর্ট থানার ওসি অপূর্ব হাসান প্রমুখ।