টেকনাফ টুডে ডটকম : নরসিংদীর মনোহরদীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পুলিশের এসআই সৈয়দ জহুরুল হক ভূঁইয়া বাবলুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার বিকেলে মনোহরদী উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পুলিশ সদস্য সৈয়দ জহুরুল হক বাবলু মনোহরদী উপজেলা চন্দনবাড়ীর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ বোতল ফেন্সিডিল, ৪৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মাস্টার বাড়ি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলযোগে দু’আরোহী যাচ্ছিলেন। তাদের গাড়ি থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু তারা নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গোয়েন্দা পুলিশ চরমান্দালিয়া সাকিনে ব্রিজের উপরে ব্যারিকেড সৃষ্টি করে তাদের আটক করে। এসময় মোটরসাইকেল থেকে একজন পালিয়ে যায়।
মোটরসাইকেল চালক সৈদয় জহুরুল হক ভূঁইয়া বাবলুকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে প্যান্টের ডান পকেট থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, বাম পকেট থেকে ৪৫ হাজার টাকা এবং ব্যাগ থেকে ২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এসময় বাবলু নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছেড়ে দেয়ার দাবি জানান। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, গ্রেফতার বাবলু দীর্ঘদিন পেশার অন্তরালে মাদক ব্যাবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর থানা এসআই বলে দাবি করেন।
