টেকনাফ টুডে ডেস্ক : মাগুরার শালিখা উপজেলায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোজাহার বিশ্বাস নামে এক ছাত্রের বদলে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন আল আমিন মোল্যা (২২) নামে এক যুবক। পরে তাকে ভ্রমমাণ আদালত এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) শালিখা উপজেলার সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আল আমিন শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে। সে আসল পরীক্ষার্থী মোজাহার বিশ্বাসের বন্ধু এবং মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।
সিংড়া তালখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, আজ এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্সের এগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোজাহার বিশ্বাস তার বদলি হিসেবে বন্ধু আল আমিনকে প্রক্সি দিতে পাঠায়। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করে আল আমীন। পরে ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র আল আমিনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, মোজাহার বিশ্বাসের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্যে কারিগরি শিক্ষা বোর্ডে চিঠি দেয়া হয়েছে।
আল-আমিন জানান, বন্ধুর আবদার রক্ষা করতে গিয়েই তিনি পরীক্ষা দিতে এসেছিলেন। তবে এ ঘটনায় মূল পরীক্ষার্থী মোজাহার বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।
