মরিচ্যা চেকপোস্টে ৭০ হাজার ই-য়া-বা ও নগদ টাকাসহ টেকনাফ ডিএনসির এএসআই আমজাদ বিজিবির হাতে গ্রেফতার।

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা দূর পাল্লার যানবাহনে তল্লাশী চালিয়ে ৭০হাজার ইয়াবা ও নগদ অর্ধ লক্ষ টাকাসহ টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক মোঃ আমজাদ হোসাইনকে গ্রেফতার করেছে।

গতকাল ১৭ আগষ্ট রাতে টেকনাফ থেকে দূর পাল্লাগামী ইমপেরিয়াল স্লিপার বাসের যাত্রী টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মরত এএসআই এবং কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার আমতলী এলাকার তালুকদার বাড়ির বাড়ির সন্তান মোঃ আমজাদ হোসাইন (৪৩) এর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ব্যাগে ৭০ হাজার ইয়াবা ও ৫০ হাজার নগদ টাকা উদ্ধার করেছে।

রোববার (১৮ আগস্ট) রামু থানার ওসি (তদন্ত) ইমন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান,এবিষয়ে বিজিবি তাকে রামু থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- শনিবার মধ্যরাতে মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা তল্লাশীর সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামায়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশী করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হচ্ছে। তিনি মূলত তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।