এম.জিয়াবুল হক : বৃহস্পতিবার সরকারি সফরে কক্সবাজার আগমনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। তিনি গতকাল বিকালে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে উপস্থিত থেকে মন্ত্রীকে স্বাগত জানান এমপি জাফর আলম।
একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজারের কৃতি সন্তান হেলালুদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এমপি আলহাজ জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। একইসময়ে কক্সবাজার সফরে আগত জনপ্রশাসন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকেও বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা বরণ করেন এমপি জাফর আলম ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
আগেরদিন বুধবার কক্সবাজারে সরকারি সফরে পৌছাঁলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডা.এনামুর রহমান এমপিকে বিমানবন্দরে এমপি জাফর আলমের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন এর নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। ওইসময় উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া। এসময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো.আনিসুর রহমান। এমপি জাফর আলমের সঙ্গে কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য ও সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের পরিচালক লায়ন আলমগীর চৌধুরী প্রমুখ। ##
