টেকনাফ টুডে ডেস্ক :সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশ নিয়ে বেঠিক সমালোচনার দায়ে ‘ভুয়া সংবাদবিরোধী’ নতুন আইনে প্রথমবারের মতো এক ডেনিশ নাগরিককে দণ্ডিত করেছে মালয়েশিয়ার আদালত।
ইয়েমেনি বংশোদ্ভূত সালাহ সালাম সালেহ সুলাইমান নামে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি ইউটিউব ভিডিও ছড়িয়ে দিয়েছেন, যাতে ফিলিস্তিনি এক প্রভাষককে গুলি করার ঘটনায় পুলিশ ৫০ মিনিট দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করা হয়।
তবে রাজধানী কুয়ালালামপুরে ওই গুলির ঘটনায় সাড়া দিতে তাদের মাত্র আট মিনিট সময় লেগেছিল বলে দাবি করে পুলিশ পাল্টা তার বিরুদ্ধে মামলা করে।
সুলায়মানের বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়, “হীন উদ্দেশ্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে তিনি ভুয়া খবর প্রকাশ করেছেন।” অভিযুক্ত সুলায়মান নিজের অপরাধ স্বীকার করে বলেন, তিনি ভিডিওটি ‘রাগের মুহূর্তে’ পোস্ট করেছেন।
“আমি এক ভুল করেছি … শুধু মালয়েশিয়ার পুলিশের কাছে নয়, আমি মালয়েশিয়ার সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত।”
ভুয়া সংবাদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা দেশগুলোর মধ্যে অন্যতম মালয়েশিয়া। সমালোচকরা বলছেন, ৯ মে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের আগে বিরোধী ও মুক্ত মতকে সংকুচিত করতেই এই আইন কার্যকর করা হয়েছে।
নতুন এই আইনে অপরাধীদের ৫ লাখ মালয়েশীয় রিঙ্গিত বা এক লাখ ২৮ হাজার ডলার জরিমানা ও সর্বোচ্চ ছয় বছরের কারাদণণ্ডের বিধান রয়েছে।
বিচারক সুলাইমানকে এক সপ্তাহের কারাদণ্ড ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা করলেও তিনি তা দিতে না পারায় একমাস কারাদণ্ড ভোগ করবেন।
গত ২১ এপ্রিল ফিলিস্তিনি অধ্যাপক ফাদ আল-বাথকে দুই মোটরসাইকেলআরোহী গুলি করে হত্যা করে। পুলিশ এখনো সন্দেহভাজনদের চিহ্নিত করতে না পারলেও তারা এখনও দেশে আছে বলেই মনে করছে।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন জানান, তাদের রেকর্ড অনুযায়ী, সকাল ৬টা ৪১ মিনিটে তারা কল পেয়েছিলেন এবং আট মিনিট পরে পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসে।
মালয়েশিয়ার ‘ভুয়া সংবাদবিরোধী আইনে’ ফিচার, অডিও ও ভিডিওসহ সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যা খবর, তথ্য, ডেটা ও প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
