টেকনাফ টুডে ডেস্ক : ব্রাভোকে নিয়ে উইন্ডিজ একাদশ। দুই বছর পর ওয়ানডে দলে ডাক পাওয়া ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো জায়গা পেয়েছেন একাদশেও। স্কোয়াডে ফেরা অলরাউন্ডার রোস্টন চেইসও আছেন একাদশে। প্রস্তুতি ম্যাচে ভালো করলেও জায়গা পাননি অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরান পাওয়েল, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান টমাস।
ইমরুল, সৌম্য, লিটন, খেলছেন তিনজনই
উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সম্ভাব্য সঙ্গীর লড়াইয়ে ছিলেন ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস। বাংলাদেশ একাদশে রেখে দিয়েছেন তিন জনকেই। বাংলাদেশের একাদশে তাই থাকছেন এমন চার জন ব্যাটসম্যান, মূলত যারা ওপেনার।
ওই তিন জনকেই জায়গা দিতে একাদশে জায়গা হারিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ও তামিমের একাদশে থাকা ছিল নিশ্চিতই। মোহাম্মদ সাইফ উদ্দিন ও রুবেলের হোসেনের মধ্যে লড়াইয়ে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে অভিজ্ঞ রুবেলের ওপর।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সন্ধ্যার শিশির নিয়ে ম্যাচের আগে দুর্ভাবনায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। খুব করে চাইছিলেন টস জিততে। শেষ পর্যন্ত টস জেতা হয়নি, তবে শিশির সামলে বোলিংয়ের ঝামেলায়ও যেতে হচ্ছে না বাংলাদেশকে। টস জিতে আাগে ব্যাটিংয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
জয় দিয়ে শুরুর দিকে তাকিয়ে বাংলাদেশ
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু করতে চায় জয় দিয়ে। অন্য দিকে ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া সফরে এখনও পর্যন্ত কোনো জয় না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বেলা একটায়। দুই দলের আগের ৩১ ম্যাচের নয়টিতে জেতে বাংলাদেশ। ২০টিতে জেতে ওয়েস্ট ইন্ডিজ; পরিত্যক্ত হয় অন্য দুটি ম্যাচ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আগের আট দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতে জেতে বাংলাদেশ। পাঁচটিতে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০০৯ সালে ক্যারিবিয়ানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২ সালে ৩-২ ব্যবধানে দেশের মাটিতে জিতেছিল সিরিজ। এই বছরের মাঝমাঝি সময়ে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।
