বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন।

সোমবার সচিবালয়ে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সরকারিভাবে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও দলের সভাপতি হিসেবে শেখ হাসিনার নির্দেশে দলের সব প্রোগ্রাম বাতিলের নির্দেশ দিচ্ছি।’

জনপ্রতিনিধিদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘জনপ্রতিনিধিরা করোনাভাইরাসের বিষয়ে স্থানীয়দের সতর্ক করুন। কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের জনগণের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। সঠিক তথ্য দিয়ে জনগণকে সচেতন করতে হবে। সঠিক তথ্য দিয়ে আতঙ্ক দূর করতে হবে। জনসমাগম হতে পারে এমন কর্মসূচি পরিহার করতে হবে। ইউনিয়ন, ওয়ার্ড ও শহর পর্যায়ে প্রবাসীদের খুঁজে বের করতে হবে।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী এর আগে গত ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।